নিজস্ব প্রতিবেদক
আগামী বৃহস্পতিবার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই নীতি ঘোষণা করবেন। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় মুদ্রানীতির কাঠামোটি চূড়ান্ত করা হবে। এরপর সেটি বৃহস্পতিবার ঘোষনা করা হবে।
সূত্র জানায়, এবারের মুদ্রানীতিতে নতুন করে কোন ধরনের নীতি সুদের হার বাড়ানো হবে না। বরং কিছু খাতে সুদের হার কমানোর নীতি গ্রহণ করা হবে। এর আগে পর পর তিনটি মুদ্রানীতিতে সুদের হার বাড়ানোর নীতি গ্রহণ করা হয়। এতে নীতি সুদের হার ৪ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হয়। মূলত মূল্যস্পতির হার কমানোর জন্য সুদের হার বাড়িয়ে বাজারে টাকার প্রবাহ কমানো হয়। এতে বেসরকারি খাতসহ শিল্প খাত ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্মসংস্তানের হার সংকোচিত হয়েছে।
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর নীতিকে উৎসাহিত করা হবে। যাতে কর্মসংস্থানের হার বাড়ে। পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়।
এসময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।
