নিজস্ব প্রতিবেদক
আন্ত:ব্যাংকে বানিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন আবার কমেছে। গত মার্চের তুলনায় এপিলে আন্ত:ব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তত্য পাওয়া গেছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত মার্চে আন্ত:ব্যাংকে লেনদেন হয়েছে ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলে আন্ত:ব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।
সাম্প্রতিক সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পারিক আস্থার অভাবেই আন্ত:ব্যাংকে লেনদেন কমেছে বলে সংশ্লিস্টরা মনে করেন।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ইসলামী শরীয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর আন্ত:ব্যাংক লেনদেন আরও কমেছে। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের আন্ত:ব্যাংক লেনদেন হয়েছিল ৮২ হাজার কোটি টাকা। গত এপ্রিলে হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এক বছরের হিসাবে আন্ত:ব্যাংক লেনদেন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার কোটি টাকা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শরীয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোতেই বেশি লুটপাট হয়েছে। এ কারণে এসব ব্যাংকে তারল্য সংকট বেশি। অনেক ব্যাংক গ্রাহকদেও টাকা নিয়মিত পরিশোধ করতে পারছে না। এসব কারণে গ্রাহকরা যেমন আন্ত:ব্যাংকে চেক বা অন্য কোন লেনদেন কম করছেন, তেমনি ব্যাংকগুলো নিজেরাও আন্ত:ব্যাংকে লেনদেন কম করছেন। এসব কারণে ইসলামী ব্যাংকগুলোর আন্ত:ব্যাংকে লেনদেন কমেছে।
