নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, শ্রমজীবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারীদের অধিকাংশ এখন নেতৃত্বের সারিতে নেই। তাই মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে জুলাই যোদ্ধাদের আবার একত্রিত হয়ে । প্রয়োজনে আবার লড়তে হবে। পুরোনো ব্যবস্থায় যারা লাভবান হয়েছে, তারা কখনো নতুন ও আধুনিক বাংলাদেশ চায় না। তারা বাংলাদেশকে আগের মতোই রাখতে চায়।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জেন-জির প্রত্যাশা ও প্রাপ্তি : গ্রাফিতির আল্পনায় ৩৬ জুলাই’ শীর্ষক গ্রাফিতি প্রদর্শনী ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। নীতি গবেষণা কেন্দ্র (এনজিকে) অনুষ্ঠানের আয়োজন করে।
এতে স্বাগত বক্তব্য দেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও নীতি গবেষণা কেন্দ্রের গবেষণা ফেলো ড. খান শরীফুজ্জামান। গ্রাফিতি প্রেজেন্টেশন করেন সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান।
মুখ্য আলোচকের বক্তৃতায় সুপ্রিমকোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আমরা আসলে অনেকে ছিলাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নানা মতো পথের মানুষ এক হয়েছিলেন জুলাইয়ে এবং সে কারণে একটা বড় পরিবর্তন হয়েছে। এটা আমাদের সবার সম্মিলিত অর্জন। সেখানে নারীরা যেমন ছিলেন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছিলেন, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ছিলেন। সমতলের মানুষ ছিলেন, আদিবাসীরা ছিলেন। এসব মানুষ রাস্তায় এসেছিলেন। ঢাকার রাস্তায় যারা সে সময় বেরিয়েছেন, তারা একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন শেখ হাসিনার পতনের জন্য। কতভাবে মানুষ চেষ্টা করেছে। সেটা সৃষ্টিকর্তার নিয়মে হোক, মানুষের চেষ্টায় হোক, যে করে হোক- এই যে নির্যাতন সেখান থেকে মুক্তির জন্য মানুষ এক হয়েছে। প্রশ্ন হচ্ছে- এর পরে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই, এটা কি ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম? ওই সময় একটা প্রশ্ন করা হচ্ছিল যে শেখ হাসিনা গেলে কী হবে। বিকল্পহীন নেত্রী, তাই না? ১৫ বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে।
সভায় বক্তব্য দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষাপদ্ধতির শিক্ষার্থীরা। তারা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, আন্দোলনের প্রেক্ষাপট, প্রত্যাশা এবং এক বছরের ব্যবধানে প্রাপ্তির অভাব নিয়ে মত প্রকাশ করেন।
