নিজস্ব প্রতিবেদক
শরীয়াভিত্তিতে পরিচালিত সরকারের ইস্যু করা সুকক বন্ডের মধ্যে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ রাখা হবে। সুকক বন্ডে বিনিয়োগে চাহিদা বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক খাতওয়ারী বরাদ্দ সুনির্দিষ্ট করে দিয়েছে। ফলে সাধারন সঞ্চয়কারীদের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ বাড়ল। এই বন্ড সরকারের গ্যারান্টিতে ইস্যু করা হয়। মুনাফার হারও আকর্ষনীয়। এখন ৮ থেকে ৯ শতাংশ মুনাফা দেওয়া হয়।
এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সুকক বন্ডে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইস্যুরেন্স, বিনিয়োগ কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, গ্রাচুইটি ফান্ড, মিউচুয়াল ফান্ডের জন্য মোট ইস্যু করা সুককের ১৫ শতাংশ বরাদ্দ থাকবে। শরীয়াভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বীমা কোম্পানি এবং প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডোজের জন্য বরাদ্দ থাকবে ৮০ শতাংশ। এসব প্রতিষ্ঠান সাধারনত সুদভিত্তিক উপকরণে বিনিয়োগ করে না। বাজারে সুদভিত্তিক ছাড়া অন্য উপকরণ কম। যে কারণে সুকক বন্ডে তাদের জন্য বেশি বরাদ্দ রাখা হয়েছে। প্রচলিত ধারার ব্যাংক, বীমা কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ শতাংশ।
সাধারন বিনিয়োগকারীদের জন্য আগে কোটা ছিল না। নিলামের মাধ্যমে বেশির ভাগ বন্ড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে নিতো। এখন সাধারন বিনিয়োগকারীদের জন্য একটি সুনির্দিষ্ট কোটা বরাদ্দ করায় তারা একটি অংশ পাবে।
