নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স প্রবাহে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রেমিটেন্স বেড়েছে ৫৬ কোটি ৪০ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩০ শতাংশ। গত বছরের জুলাই রেমিটেন্স এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। তবে গত জুন ও মে মাসের তুলনায় রেমিটেন্স কমেছে। কারণ ওই দুই মাসে কোরবানি ঈদের কারণে রেমিটেন্স প্রবাহ বেশি মাত্রায় বেড়েছিল। গত মে মাসে রেমিটেন্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসাবে এটিই ছিল সবচেয়ে বেশি রেমিটেন্স আসার পরিমাণ। ঈদের জুনেও রেমিটেন্স বেড়ে হয়েছিল ২৮২ কোটি ২৫ লাখ ডলার। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তত্য পাওয়া গেছে।
রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এখন রিজার্ভ থেকে বৈদেশিক দেনা পরিশোধের পরও তা ৩১ বিলয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ওপরে ওঠেছিল। পরে বিভিন্ন দেনা শোধ করার পর কিছুটা কমে এসেছে। গত রোববার দিনের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলারের নীচে নেমে এসেছে। ওই দিনের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৮০ কোটি ডলার। গত এক সপ্তাহ জুড়ে ছিল ৩ হাজার কোটি ডলারের ওপরে। একই সঙ্গে নিট রিজার্ভও ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। রোববার দিনের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৮ কোটি ডলার। গত সপ্তাহে গ্রস রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলারের ওপরে।
