নিজস্ব সংবাদদাতা
সীমিত পরিসরে মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু বা আগে লাইসেন্স নবায়ন করা হচ্ছে। এসব ক্ষেত্রে আগের নীতিমালায় কিছুটা সংশোধনী এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালাটি জারি করেছে। এতে ব্যাংকের শাখা, ব্যাংকের বুথ, বৈদেশিক বাণিজ্য শাখার নামেও লাইসেন্স দেওয়া হবে। আগে এসব প্রতিষ্ঠানের নামে লাইসেন্স দেওয়া হতো না। পাশাপাশি আগের মতো অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আগের চেয়ে নীতিমালাটি বেশ কঠোর করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালায় বলা হয়, প্রচলিত ব্যবস্থায় তফসিলি ব্যাংকের শাখা কিংবা তাদের সেন্ট্রাল প্রসেসিং সেন্টারের অনুকূলে অনুমোদিত ডিলার লাইসেন্স ইস্যুসহ তফসিলি ব্যাংকের শাখা বা ব্যাংক বুথ, হোটেল, গিফট শপ প্রভৃতি প্রতিষ্ঠানের অনুকূলে সীমিত মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে। সীমিত মানিচেঞ্জার লাইসেন্স প্রাপ্তির জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন দাখিল করতে হবে। সাময়িকভাবে আবেদনপত্র গ্রহণযোগ্য হলে বা অনাপত্তিপত্র পেলে লাইসেন্স ফি বাবদ ৫০ হাজার টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (পরিচালক, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (ডিভিশন-২), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এর অনুকূলে ইস্যু করে জমা দিতে হবে। বৈদেশিক মুদ্রা ব্যবসা করতে হলে সংশ্লিস্ট একটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা প্রতিষ্ঠানের নামে বৈদেশিক মুদ্রা হিসাব থাকতে হবে। এতে কমপক্ষে এক হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে হবে। লাইসেন্স কোন অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান তার ব্যবসায়িক স্থান পরিবর্তন করতে পারবে না। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার বিপরীতে শুধুমাত্র বিদেশী পাসপোর্টধারী নাগরিকদের নিকট হতে নগদ বৈদেশিক মুদ্রা গ্রহণ করতে পারবে। গৃহীত বৈদেশিক মুদ্রা পরবর্তী কর্মদিবসের মধ্যে অনুমোদিত এডি ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় রূপান্তর করতে হবে।
ব্যাংক শাখা বা বুথ এর ক্ষেত্রে উক্ত লাইসেন্স এর মেয়াদ নবায়নের প্রয়োজন নেই। তবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদকাল হবে ২ বছর। এ সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স মেয়াদোত্তীর্ণের ২ মাস পূর্বে পুনরায় ২ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে। লাইসেন্স নবায়ন ফি বাবদ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) দিতে হবে।
