নিজস্ব প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রওনা দিয়েছেন হাতিরঝিলের পথে।
ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
টানা তিন জয় নিয়ে অপরাজিত থেকে এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করা বাংলাদেশের কাছে গোল সংখ্যা তো আর মুখ্য হয়ে ওঠার কথা নয়। মেয়েরা যে সুন্দর ফুটবল উপহার দিয়েছে, ফুটবলপ্রেমীদের হৃদয়ে তা ফুল হয়ে ফুটে থাকবে অনেক দিন। বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে বসলে মাঝেমাঝে আকাশের রামধনুর কথা মনে হতে পারে। সুন্দর পাস, সুন্দর ক্রস, সুন্দর গোল নামক কত রং সেখানে ছড়িয়ে! প্রথম থেকে আবির ছড়িয়ে তা স্মরণীয় হয়ে থাকা এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ পর্যন্ত ধরে রাখল বাংলাদেশ। ২০২৬ এশিয়ান কাপেও বাংলাদেশের ফুটবল আকাশে ছড়িয়ে পড়ুক এমন রঙের মেলা।
