নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা নেবে। এইভাবে মোট ২৫ কোটি টাকার তহবিল গঠণ করা হবে। এসব অর্থ জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সহায়তায় সংশ্লিস্ট পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকের এমডিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকে হস্তান্তর করবে।
কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ সরকার গঠিত তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে।
এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
