নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি নাগরিকদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রে এক মাসের ব্যবধানে ভারতের অবস্থান আরও দুই ধাপ নীচে নেমে গেল। গত এপ্রিলে ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে বারতের অবস্থান ছিল পঞ্চম স্থানে। মে মাসে তা কমে সপ্তম স্থানে নেমে গেল। যুক্তরাষ্ট্র এখনও শীর্ষ স্থান ধরে রেখেছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের আগে ভারত ছিল শীর্ষ অবস্থানে। এরপর থেকে ভারত ভিসা দেওয়ায় কড়াকড়ি আরোপ করায় দেশটিতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ কমে গেছে। ফলে ক্রেডিট কার্ডে খরচও কমেছে।
বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন। মোট খরচের মধ্যে মে মাসে দেশটিতে খরচ করেছেন ৫৩ কোটি ৫০ লাখ টাকা, যা মোট খরচের ১৩ দশমকি ৮৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে চীন, এই দেশটিতে খরচ করেছেন ৪০ কোটি ৫০ লাখ টাকা, যা মোট খরচের ১০ দশমকি ৪৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাইল্যান্ডে খরচ করেছেন ৩৫ কোটি ৩০ লাক টাকা, যা মোট খরচের ৯ দশমকি ১২ শতাংশ।
ভারত ভিসা দেওয়ায় জটিলতা আরোপ করায় এখন ভ্রমণ ও চিকিৎসার জন্য বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাচ্ছেন চীন ও থাইল্যান্ডে। আগে দেশ দুটি বাংলাদেশিদের কার্ডে খরচ কম ছিল।
চতুর্থ অবস্থানে যুক্তরাজ্যে খরচ করেছেন ৩৪ কোটি ৮০ লাখ টাকা, যা মোট খরচের ৮ দশমকি ৯৯ শতাংশ। পঞ্চম অবস্থানে সিঙ্গাপুরে খরচ করেছেন ৩২ কোটি ৭০ লাখ টাকা, যা মোট খরচের ৮ দশমকি ৪৭ শতাংশ। ষষ্ঠ অবস্থানে মালয়েশিয়াতে খরচ করেছেন ২৪ কোটি ৪০ লাখ টাকা। যা মোট খরচের ৬ দশমকি ৩০ শতাংশ। সপ্তম অবস্থানে ভারতে খরচ করেছেন ২ কোটি ১০ লাখ টাকা, যা মোট খরচের ৫ দশমকি ৪৩ শতাংশ।
এর পরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ করার তালিকায় রয়েছে নেদারল্যান্ড, সৌদী আরব, কানাডা, সংযুক্ত আরব আমীরাত ও অষ্ট্রেলিয়া।
