নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত মার্কিন শুল্ক কমানোর চেষ্টার অংশ হিসেবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৫০ কোটি ডলার আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেবে বাংলাদেশ। পাশাপাশি মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্কেও ছাড় দেবে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। এ লক্ষ্যে নিয়ে সেমাবার যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল।
এতে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তারা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন আলোচনা করবেন। এ দফার আলোচনায় পারস্পরিক বাণিজ্য নিয়ে চুক্তি হতে পারে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট ৮৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে ২৭০ কোটি ডলারের সমপরিমাণ দেশটি থেকে আমদানি হয়েছে। বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি ডলার। ঘাটতি কমানোর অংশ হিসেবে আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার। এ ছাড়া গত সপ্তাহে দেশটি থেকে পাঁচ বছর মেয়াদে প্রতিবছর সাত লাখ টন গম আমদানি করতে এমওইউ করে বাংলাদেশ। এ ছাড়া এলএনজি, সামরিক সরঞ্জামসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
দেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র যাচ্ছে। তারাও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দেশটি থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে গম, তুলা, সয়াবিন কেনার বিষয়ে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন। হয়তো তারা চুক্তিও করবেন।
