নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে ভোট গগনা শেষে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই তফশিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত।
মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ ২৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
একই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।
সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ওই নির্বাচনে ছাত্রলীগ ব্যাপক কারচুপি করেছিল। ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে ভোট দিতে পারেনি। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১৯৯০ সালে ডাকসু নির্বাচন হয়েছিল।
