নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিআইআইটি’র সেমিনার কক্ষে আল মাহমুদের কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন কথা সাহিত্যিক, গীতিকার ও শিশুসাহিত্যিক কবি জাকির আবু জাফর।
তিনি বলেন, আল মাহমুদ ইসলামকে আধুনিক কবিতায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। আল মাহমুদ দেশকে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন। ফুল, পাখি, নদী, মাটিকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তিনি গ্রামের রসদকে কখনো ভুলেননি। ভেতর থেকে উৎসারিত বাণী, দেশকে চিত্রায়িত করেছেন। অন্যদিকে আল মাহমুদের দ্রোহ তুষের আগুনের মতো।
আবদুল কাদের জিলানির পরিচালনায় আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব ও আরবি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি ও সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন
