যুগান্তর প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার কিছুটা কমানোর ফলে কলমানি মার্কেটে চাপ কিছুটা কমেছে। ফলে কমমানি মার্কেটের সুদের হারও কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকে থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত হিসাবে অর্থ নেওয়ার উপকরণ স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদের হার সাড়ে ৮ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ করেছে। তবে নীতি সুদের হারের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদের হার সাড়ে ১১ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
কলমানি মানি মার্কেটের ওপর চাপ কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ওই নীতি সুদের হার কমিয়েছে। বুধবার থেকেই এ হার কার্যকর করা হয়েছে।
আগে ব্যাংকগুলোর ধার করার চাপ বেড়ে যাওয়ায় কলমানি মার্কেটে সুদের হার বেড়ে যাচ্ছিল। এ মার্কেট থেকে এক ব্যাংক অন্য ব্যাংক হতে এক দিনের জন্য ধার করে। এর সুদেও হার বেড়ে সর্বোচ্চ ১৪ শতাংশে ওঠেছিল্ আগে এ হার ৩ থেকে ৫ শতাংশের মধ্যে থাকতো। এখন এ হার প্রায় ১৩ শতাংশের নীচে নামছে না। এতো বেশি সুদে কলমানি থেকে ধার নিয়ে সেগুলো দিয়ে দায় মেটানো ব্যাংকগুলোর জন্য কঠিণ হয়ে পড়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের সুদেও হার কিছুটা কমিয়েছে। যাতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে। ফলে কলমানির ওপর চাপ কমবে। বুধবার কলমানি মার্কেটে সুদেও হার সর্বনিম্ম ১১ শতাংশ থেকে পৌনে ১৩ শতাংশে সীমিত ছিল। আগের দিন ১১ থেকে ১৩ শতাংশের ওপরে ছিল। এছাড়া বুধবার কলমানি মার্কেটে লেনদেন কম হয়েছে।
এদিকে ব্যাংকগুলো কম সুদে তহবিলের জোগান পেলে তাদের তহবিল ব্যবস্থাপনা ব্যয় কমবে। এতে তারা ঋণের সুদের হারও কিছুটা কমাতে পারবে। আগামী মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগ বাড়াতে ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
