নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ব্যাংক খাতে জাল জালিয়াতি প্রতিরোধে ও ব্যাং!কগুলোর ঝুকি কমাতে ঝুকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।এটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সুপারভাইজারি পলিসি এবং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। এই বিভাগ ব্যাংকগুলোর ঝুকিভিত্তিক সুপারভিশন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং আর্থিক ব্যবস্থার প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে কাজ করবে।
এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে ঝুকিভিত্তিক সুপারভিশন ব্যবস্থা বিষয়ক সব ধরনের যোগাযোগ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই বিভাগের সঙ্গে করতে বলা হয়েছে। এ বিভাগটি বাংলাদেশ ব্যাংকের ঝুকিভিত্তিক সুপারভিশন নীতি বাস্তবায়ন, এ সংক্রান্ত নীতি নির্ধারণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন পর্যায়ে সক্ষমতা উন্নয়ন এবং সুপারভাইজরি পলিসি প্রণয়নসহ সুপারভিশন কার্যক্রমের আধুনিকায়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে। আর্থিক খাতের সুদূরপ্রসারী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
