নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের উদ্ধৃতি দিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় ২৯ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ঘোষণা নির্বাচনী তফসিল করা হবে।
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৫ সেপ্টেম্বর
দীর্ঘ ৩৪ বছরের অচলায়তন কাটিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। অচলাবস্থার অবসান ঘটিয়ে রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ করা হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে তফসিল ঘোষনা করেন কমিশনের সদস্য অধ্যাপক এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখা, আরও সুসংহত করা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।’
আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ আগস্ট ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় আপত্তির নিষ্পত্তি এবং ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তিনি জানান, ১৭ থেকে ১৯ জুলাই মনোয়নপত্র বিতরণ, ২১, ২৪ ও ২৫ আগস্টে মনোনয়নপত্র দাখিল এবং ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে।
সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
