নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলের বৃহৎ বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানায় এইবাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের ঘরে জন্ম নিয়েছে একটি পুরুষ শাবক, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। শাবকটির জন্ম হয়েছে দেড় মাস আগে। দর্শনার্থীরা শাবকটিকে দেখতে খুবই উদগ্রীব।
বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটকে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রংপুরে আনা হয়। এতদিন এ যুগলের কোনো সন্তান না থাকায় যেন একটি অপূর্ণতা থেকেই যাচ্ছিল। তবে সেই শূন্যতা পূরণ করলো ছোট্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতোমধ্যেই খবর ছড়িয়ে পড়ায়, বাঘের বাচ্চা দেখতে প্রতিদিন দর্শনার্থীর চাপ বাড়ছে।
বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে তিনটি বাঘ, একটি সিংহী, তিনটি জলহস্তী, আটটি ময়ুর, ৬২টি হরিণ, দুটি অজগর, একটি উটপাখি ও ৯টি বানর উল্লেখযোগ্য।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রায় ২১ একর জায়গাজুড়ে গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানাটি প্রতিদিনই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। তবে, ডোনাল্ড ট্রাম্প জন্ম নেবার পর চিড়িয়াখানার প্রতি আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়েছে।
