নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২ কোটি ডলার ফেরত দেওয়ায় শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে। ২০১৬ সালে নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ২ কোটি ডলার ফেরত পাঠিয়ে ছিল শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২ কোটি ডলারের একটি প্রতারণামূলক লেনদেন সফলভাবে ঠেকিয়ে দেওয়ায় এবং অনুকরণীয় সতর্কতা, পেশাদারত্ব ও সততার জন্য শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়েছে। এ জন্য বৃহস্প্রতিবার একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় ব্যাংকে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান।
