নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বরেণ্য লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন। গত ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই শিল্পী। নিবিড় চিৎকৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। তবে তাকে ডাক্তারের পরামর্শের মধ্যে থাকতে হবে।
দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির অসুখে ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতাও রয়েছে। কিছুটা সুস্থ্যবোধ করলে ওই হাসপাতালের কেবিনে নেওয়া হয় তাকে। অবস্থার আরও উন্নতি হলে সোমবার মধ্যরাতে ফরিদা পারভীনকে বাসায় নেওয়া হয়েছে।
ডাক্তার তাকে ফিজিওথেরাপি দিতে বলেছে। এরপর হাঁটাচলা শুরু করতে পারবে।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুনী।
